আধিকারিকদের জানিয়েছেন, কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাওয়া ১০০টি মাদ্রাসার উত্তরের পর্যালোচনার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা: ইনসাফ নিউজ নেটওয়ার্ক
পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে ২৫২টি মাদ্রাসা বন্ধ করার নির্দেশ জারি করেছে এবং আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) পাঠিয়েছে। সরকারের দাবি, রাজ্যব্যাপী পরিচালিত একটি পর্যালোচনা সমীক্ষার (সার্ভে) পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমীক্ষায় দেখা গেছে যে এই প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং মৌলিক পরিকাঠামোর অভাব ছিল।
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী ক্ষুদীরাম টুডু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, যেসব মাদ্রাসা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে সেগুলি যথারীতি চালু থাকবে। তিনি জানান, জুনের শুরু থেকে সব কটি জেলায় বিভাগীয় স্তরে পরিচালিত এই সমীক্ষার মাধ্যমে মাদ্রাসাগুলির আইনি বৈধতা, প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষাগত ও মৌলিক সুবিধার বিষদ মূল্যায়ন করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, যে ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে, সেগুলির উত্তরের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ চূড়ান্ত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, যাতে রাজ্যে কতগুলি মাদ্রাসা আইনি অনুমোদনের ভিত্তিতে চলছে এবং কতগুলি অনুমোদন ছাড়া চলছে তা নির্ধারণ করা যায়।
এদিকে, রাজ্যের পঞ্চায়েত রাজ মন্ত্রী দিলীপ ঘোষ মাদ্রাসা নিয়ে কথা বলতে গিয়ে জানান, রাজ্যে কিছু প্রতিষ্ঠান সম্পর্কে ক্রমাগত অভিযোগ পাওয়া যাচ্ছিল। তিনি দাবি করেন, অতীতে কিছু ক্ষেত্রে সন্দেহভাজন বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের এই ধরনের বেআইনি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে। দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান, “যেসব মাদ্রাসা আইনের আওতায় থেকে এবং সরকারি অনুমতির সাথে চলছে, তাদের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। কিন্তু সরকারকে অনুমতি ছাড়া লাগামহীনভাবে মাদ্রাসা খোলা এবং সমস্যা তৈরির সুযোগ দেওয়া যেতে পারে না।”
অন্যদিকে, বিরোধী দল তৃণমূল কংগ্রেস (TMC) নেতা কুণাল ঘোষ সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সব মাদ্রাসাকে একই চোখে দেখা এবং নিশানা করা ঠিক নয়। তিনি দাবি জানান, আইনি নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলির সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং অহেতুক সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা উচিত নয়।
